আলো ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সিয়াম মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলার গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সিয়াম মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে।
এ বিষয়ে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে জার্মান মিয়া মাদকের টাকা যোগাড় করতে বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেন সিয়াম।
গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন। পরদিন বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় সিয়াম মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন।
