আলো ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবা-মায়ের বুকে পা রেখে ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে আল মামুনকে (২৫) আটক করেছে পুলিশ। গত সোমবার সন্ধায় উপজেলার বোদা জামাদারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে বাবা রেজাউল করিম তার ছেলের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার লিখিত অভিযোগ করেন।
এরপর গতকাল মঙ্গলবার সকালে অভিযোগের প্রেক্ষিতে আল মামুনকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। অভিযুক্ত আল মামুন একই এলাকার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আল মামুন গত সোমবার বিকেলে মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা চান। এ সময় টাকা না দিতে চাইলে মামুন তার মাকে কিলঘুষি মারতে থাকেন।
একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে পা রেখে গলা টিপে ধরেন। পরে বাবা রেজাউল তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেন। তখন মামুন তাকেও এলোপাথাড়ি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে বুকে পা রেখে গলা টিপে ধরেন। এরপর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঐদিন রাতেই মামুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বাবা রেজাউল করিম। বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
