আলো ডেস্ক: শ্রেণিভিত্তিক কৃষকের তালিকা প্রণয়ন ও স্বাস্থ্য বীমা চালুর দাবি জানিয়েছে প্রত্যাশার বাংলাদেশ। প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মানববন্ধনে সরকারের কাছে ১২টি দাবি তুলে ধরেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে প্রত্যাশার বাংলাদেশের করা দাবিগুলো হলো-
১. ছয় মাসের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কৃষকদের তালিকা প্রণয়ন করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে।
২. সরকারের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দিতে হবে।
৩. কৃষি বীমাসহ সর্বস্তরের কৃষকদের জন্য বাধ্যতামূলক বীমা সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষকদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোকে নিয়ে স্টেকহোল্ডার বডি তৈরি করতে হবে।
৫. নারী কৃষকদের আলাদা তালিকা প্রণয়ন ও নারী শ্রমিকের শ্রমের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে।
৬. ভ‚মিহীন কৃষকদের জন্য বিনা জামানতে সরকারি ব্যাংক থেকে ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে। ৭. জাতীয় কৃষক কাউন্সিল গঠন, প্রতি ইউনিয়ন পরিষদে আলাদাভাবে কৃষকদের জন্য ভূমি সেবা এবং কৃষক নেতা কার্যালয়ের বরাদ্দ দিতে হবে।
৮. প্রত্যেক জেলা শহরে কৃষকদের জন্য আলাদা হাসপাতাল বানাতে হবে।
৯. রাষ্ট্রীয়ভাবে কৃষকদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।
১০. কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে শুল্ক মূল্য কমানো, ভূমি অফিসে সকল প্রকার হয়রানি ও দুর্নীতি বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
১১. আগাম কৃষি গবেষণা, স্বল্পমূল্যে সার, উন্নত বীজ, কীটনাশক ও শ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি কাঠামো প্রণয়ন করতে হবে।
১২. ওয়ার্ড ভিত্তিক খোলা মাঠে কৃষকদের জন্য ‘কৃষক বিশ্রামাগার’ নির্মাণ করতে হবে।
প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
