আলো ডেস্ক: নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনারের বেদীতে রাখা বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট এটি নিষ্ক্রিয় করে।
প্রাথমিকভাবে এটাকে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাটোর র্যাব অফিসের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, জেলা পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছান পাঁচ সদস্যর বোম্ব ডিসপোজাল ইউনিট। সেটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের পাশের ইটভাটায় নিয়ে যান।
এরপর ওই বস্তুটিকে নিষ্ক্রিয় করা হয়। প্রাথমিকভাবে বস্তুটিকে আইইডি বলে চিহ্নিত করেছে ওই ইউনিট। খোলাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান কালু জানান, গতকাল রোববার সকালে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় শহীদ মিনারের বেদীতে বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পরীক্ষা-নিরীক্ষার পর ওই বস্তু সম্পর্কে নিশ্চিত জানাতে পারবে বোম্ব ডিসপোজাল ইউনিট।
