আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ মামলার আসামি রাব্বানীকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শুক্রবার দিনগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বানী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের আবদুল লতিফের ছেলে। এসময় তার কাছে থেকে তিনটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গত শুক্রবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার মরদানা মহল্লায় এরফানের পরিত্যক্ত টিনের বাড়িতে অভিযান চালায়।
এ সময় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় রাব্বানীকে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। এর আগে রাব্বানীর নামে অস্ত্র ও মারামারি মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। ওই পরিত্যক্ত টিনের ঘরে আত্মগোপনে থেকে রাব্বানী সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানিয়েছে র্যাব।
