আলো ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় গত বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৬৬ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে। দেশের ১৩১টি ইউপিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৩ লাখ ৮৭ হাজার ৫৪০ ভোটারের মধ্যে ১৫ লাখ ৯৭ হাজার ৭৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সমন্বিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৬৮ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছে ৬১টি ইউপিতে। এ ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
