আলো ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। গতকাল শনিবার হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে শানাকারা। টি-টোয়েন্টি সিরিজের পরই শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সেই সিরিজের জন্য ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। স্কোয়াডে ফেরানো হয়েছে ধনঞ্জয় ডি সিলভা, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দোকে।
এ ছাড়া দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে ও ডানহাতি পেসার প্রমোদ মাদুশান। বাদ পড়েছেন নুয়ান প্রদীপ, চামিকা গুনাসেকারা, শিরান ফার্নান্দো, উইকেটরক্ষক-ব্যাটার মিনোদ ভানুকা ও কামিন্দু মেন্ডিস। আগামী মঙ্গলবার থেকে পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের চার ম্যাচ যথাক্রমে ১৬, ১৯, ২১ ও ২৪ জুন।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারাত্নে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, নুয়ান থুসারা, রমেশ মেন্ডিস, মহেশ থিকসানা, প্রবীন জয়াবিক্রম, জেফ্রি ভেন্ডারসাই, লাহিরু মাদুশঙ্কা, দুনিথ ওয়েলালাগে ও প্রমোদ মাদুশান।
