আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের ভ‚মিকা তাজ্জব লেগেছে। ৯০ ভাগ মুসলমানের দেশ হলেও সব ধর্মের লোকদের নিয়েই আমরা চলি। অন্য ধর্মের লোকেরা এর প্রতিবাদ জানালো। সরকার একটি শব্দও করেনি। এজন্য প্রতিবাদ করুন না হয় সরে যান। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে ভারতের বিজেপি নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, সরকার মানুষকে খাওয়াতে পারে না। চালের দাম, তেলের দাম এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নাই যার দাম বাড়ছে না। আবার সরকার দম্ভ করে বলছে এই বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে। ব্যবসাবান্ধব বাজেট। তাহলে আমরা কারা? এই সরকার দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারে না। গুম, খুন, ধর্ষণ হচ্ছে। বিচার মানুষ পাচ্ছে না।
সেই সঙ্গে দেশে চাকরি সংকট, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা কল্পনা করাও যায় না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করেছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসাবে আপনাদের প্রতিবাদ জানাতে হবে। আর প্রতিবাদ জানাতে না পারেন তাহলে গণভবন থেকে পদত্যাগ করে বাড়ি ফিরে যান। আমরা সম্প্রদায়িক না।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে একমাত্র বাংলাদেশ বাদে। বাংলাদেশ কি মুসলিম দেশের বাইরে চলে গেল? যাদের আগে প্রতিবাদ করা উচিত ছিল তারাই চুপ করে আছে। আমরা জানতাম ভারতের মানুষ মুক্তিযুদ্ধের সময় আমাদের আশ্রয় দিয়েছিল কিন্তু এদের মধ্যে যে কিছু কুলাঙ্গার আছে এটা জানতাম না।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিণীকে নিয়ে যে কটূক্তি করেছে তার নিন্দা জানাই। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
