আলো ডেস্ক: দুর্যোগের মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অমানবিক বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ। সংগঠনটির মতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছে তা অযৌক্তিক, অন্যায় ও অগণতান্ত্রিক। গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান সংগঠনটির নেতারা।
বিবৃতিতে সাধারণ নাগরিক সমাজের পক্ষে সংগঠনের আহবায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির যে প্রস্তাব পেট্রোবাংলা ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো করেছিল তা সম্পূর্ণভাবে অযৌক্তিক। এটি সিন্ডিকেটের প্রস্তাব ছিল। গণশুনানিতে মূল্যবৃদ্ধির প্রস্তাবের পক্ষে তারা যুক্তিযুক্ত প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছিল। তিনি আরও বলেন, ভোক্তা সংগঠন ও নাগরিক সমাজের পক্ষে আমরা প্রমাণ করতে পেরেছিলাম যে, দুর্নীতি, অপচয় ও সিস্টেম লসের নামে লুটপাট এবং বেসরকারি খাতের ব্যবসায়ীদের অতি মুনাফা দেওয়া বন্ধ করলে দাম আরও কমানো সম্ভব।
সে সময় কমিশনের চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছিলেন যে, ন্যায়সঙ্গত যুক্তি প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অথচ কমিশন তাদের কারিগরি মূল্যায়ন কমিটির গণশুনানিতে করা প্রস্তাব ২২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধির সুপারিশ আজ (গতকাল) ঘোষণা দিলো। এর মধ্য দিয়ে কমিশন প্রমাণ করলো, গণশুনানি কেবল নামেমাত্র।
নাগরিক ভাবনা প্রতিনিধিদের যুক্তি কোনো আমলে নেওয়া হয় না জানিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের জনগণের জীবনযাত্রার মান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয়ের সঙ্গে ব্যায়ের অসঙ্গতি ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। আজ দেশের একটি ভয়াবহ দুর্ঘটনায় মানুষ যখন জীবন বাঁচাতে অস্থির, এমন সময় গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা জনগণের সঙ্গে একপ্রকার প্রহসন ছাড়া কিছু না।
আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি দেশের অভিভাবক। তাই বর্তমান সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বিশেষ আদেশের মাধ্যমে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করুন।
