আলো ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে হল প্রভোস্টের পদত্যাগ, ছাত্রলীগ কর্মী কাজলকে বহিষ্কার এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা না ঘটার নিশ্চয়তার দাবি জানান তারা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাবি সাংবাদিক সমিতির সামনে থেকে এক মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এসে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রবেশপথের সামনে অবস্থান নেন। অবস্থান কর্মসূচিতে ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠনের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। এ সময় তারা ‘আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘প্রভোস্ট শামিম চেয়ারে কেনো, প্রশাসন জবাব চাই’, ‘শাহাবুদ্দিনকে মারলো কেনো, প্রশাসন জবাব চাই’, ‘কাজল হলে কেনো, প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘আমাদের সহকর্মী শাহাবুদ্দিনকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী কাজলকে লোক দেখানো বহিষ্কার করা হয়েছে। সে হলে থাকছে, ঘুরছে, ফিরছে। আমরা নিউজ করলে যদি প্রশাসনের সমস্যা হয়, তাহলে আপনারা দুর্নীতি করা ছেড়ে দেন। মেরুদণ্ডহীন প্রশাসন বিচার করতে না পারলে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হবে।’ রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্র বলেন, ‘সাংবাদিক মারধরের পেছনে প্রশাসনের মৌন সম্মতি আছে।
তারা ভাবছে, সাংবাদিকদের মারলে তারা ভয়ে নিউজ করতে পারবে না। ফলে প্রশাসন চলমান প্রজেক্টে দূর্নীতি করতে পারবে। হলের সিট বাণিজ্যের বিরুদ্ধে সাংবাদিকরা সবচেয়ে বেশি সক্রিয়। এজন্য ছাত্রলীগ মারছে। প্রশাসন ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তি করে পদে আসে। তারা ছাত্রলীগের লেজুড়বৃত্তি ছাড়া প্রশাসনিক পদে থাকতে পারবে না। এজন্য তারা এই হামলার বিচার করছে না।’
উল্লেখ্য, গত ২৯ মে মাদার বখশ হলের টেলিভিশন কক্ষে জনসম্মুখে সিগারেট না খেয়ে বাইরে গিয়ে খেতে বলায় সাংবাদিক শাহাবুদ্দিনকে মারধর করেন ছাত্রলীগকর্মী কাজল ও তার সহযোগীরা। এ ঘটনার পর ওইদিন রাতেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন সংবাদকর্মীরা। সেখানে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কার্যত কোনও পদক্ষেপ নেয়নি। গত ৩০ মে ক্যাম্পাসের আরেক সাংবাদিক ওমর ফারুককে মারধর করা হয়।
