আলো ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ইতিহাসটি সুকৌশলে গোপন করা হচ্ছে যে পদ্মা সেতুর দুই পাশেই প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া।’
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই দাবি করেন। ফখরুল বলেন, ‘পদ্মা সেতু কারও বাপের টাকায় হয়নি, হয়েছে জনগণের টাকায়। তাই পদ্মা সেতু তারাই করেছেন, একক কৃতিত্ব তাদেরই, সরকারি দলেরএ ধরনের দাবি হাস্যকর। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে তিনি কোনও জবাব দেননি।
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর তা সীতাকুণ্ডের ঘটনাই প্রমাণ করে। দেশ আধুনিক হয়েছে, সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু মানুষের জীবনের নূন্যতম নিরাপত্তা নেই। উন্নয়নের নামে এই সরকার শুধু অর্থ কামাই ও চুরি করছে।’ তিনি আরও বলেন, ‘এখন তো পদ্মা সেতু ছাড়া দেশে আর কিছু নেই।
কিন্তু অগ্নিকাণ্ডে যে এতগুলো মানুষের প্রাণ গেলো, এতগুলো মানুষ মৃত্যুর সাথে লড়ছে, এর জন্য দায়ী সরকার। করোনার সময় বলেছিলাম, দেশে আইসিইউ নেই, অক্সিজেন সরবরাহ নেই, ডাক্তার নেই, নার্স নেই। এখন কিন্তু আবার একই কথা বলতে হচ্ছে। অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে না।’ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
