ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশে শিশু খাদ্যের দাম দিনকে-দিন আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশের ব্যবসায়ীরা আমাদের প্রতিবেদককে জানান, রাশিয়া – ইউক্রেন যুদ্ধের প্রভাবে সব দেশে শিশুখাদ্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলেছে। ইহা ছাড়া আমাদের বাজারে বিভিন্ন ধরনের শিশুখাদ্যের পর্যাপ্ত জোগান না থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত ৩ মাসে বিভিন্ন ধরনের ফর্মুলা দুধ, নুডুুলস, বিস্কুট, সুজি, ওটস, চকলেট এর দাম ২০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, দাম বৃদ্ধির অজুহাতে শিশুরা যদি তাদের পর্যাপ্ত খাবার খেতে না পারে তবে তারা পুস্টিহীনতায় ভুগতে পারে। আমাদের শহর, আশপাশের দোকান ও বাজার ঘুরে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, ন্যান কোম্পানীর ৪০০ গ্রামের কৌটা এখন বিক্রি হচ্ছে ৯২৫ টাকা। আগে ছিল ৮২০ টাকা। সেরিল্যাক্স ৪০০ গ্রামের কৌটা এখন বিক্রি হচ্ছে ৪৩০ টাকা।
আগে ছিল ৪০০ টাকা। ল্যাকটোজেন দুধের কৌটা ৪০০ গ্রাম এখন বিক্রি হচ্ছে ৬৯০ টাকা। আগে ছিল ৫৯০ টাকা। নিডো কোম্পানীর ছোট দুধের প্যাকেট এখন বিক্রি হচ্ছে ৩৭৫ টাকা। আগে ছিল ৩৪০ টাকা। পিডিয়া সিউর এখন বিক্রি হচ্ছে ৭৯০ টাকা। আগে ছিল ৭৩৫ টাকা। বায়োমিল কোম্পানীর ৪০০ গ্রাম দুধের কৌটা ১ বৎসর আগে বিক্রি হত ৫৫০ টাকা।
এখন বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়। অন্য শিশুখাদ্যের মধ্যে ক্যালোগজ চকোজের মাঝারি আকৃতির প্যাকেট ১০-২০টাকা বেশী দামে বিক্রি হচ্ছে। ওটস এর বড় কৌটা এখন বিক্রি হচ্ছে ৬৯০ টাকা। আগে বিক্রি হত ৫৫০ টাকায়। নুডুলস ও সুজির দামও বৃদ্ধি পেয়েছে। ম্যাগি ও মিঃ নুডুলস ১ বৎসর আগে যে প্যাকেট ১২০ টাকায় বিক্রি হত তা এখন বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। বাজারে প্রতি কেজি সুজির দাম ২০-৩০ টাকা বেড়েছে।
