আলো ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভেকু মেশিন বহনকারী একটি লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জনের মধ্যে চারজন বন্ধু, তারা হলেন চাঁদপুর সদর উপজেলার ইচলি এলাকার সামাদ গাজী, আহাদ, সিফাত ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাঈম। নিহত অপর দুজনের মধ্যে একজন অটোরিকশার চালক এবং অন্যজন আরোহী ছিলেন।
তবে তার নাম জানা যায়নি। নারায়ণগঞ্জ জোনের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, লরিটি তেঘোরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় পোস্তগোলা থেকে মাওয়াগামী দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও লরির নিচ থেকে যাত্রীদের বের করতে না পারায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
লরিটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশের ওসি আফজাল হোসেন জানান, লরি-অটোরিকশার সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই দুর্ঘটনায় পদ্মা সেতু দেখতে বাড়ি থেকে বের হয়ে লাশ হন চাঁদপুরের তিন বন্ধু। গতকাল শুক্রবার সকালে নিহত তরুণদের লাশ বাড়িতে নিয়ে এলে পরিবার ও আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। সামাদের চাচাতো ভাই মো. রুবেলের ভাষ্যমতে, পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে তারা তিন বন্ধু চাঁদপুর থেকে ঢাকায় যান। সেখান থেকে মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকায় আরও দুই বন্ধু যোগ দেন। পরে তারা মাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাদের সঙ্গে দুই বন্ধুর এক বন্ধু উপস্থিত ছিলেন।
রাতে বন্ধুদের বাসায় থেকে গতকাল শুক্রবার পদ্মা সেতু দেখার পরিকল্পনা ছিল তাদের। ওই চার বন্ধু গত বৃহস্পতিবার রাতে অটোরিকশাযোগে মাওয়া যাচ্ছিলেন। মুন্সিগঞ্জের নিমতলী হাসারা হাইওয়েতে একটি কাভার্ডভ্যানের পেছন পেছন যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ কাভার্ডভ্যানটি স্লো করলে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আঘাত করে। এতে অটোরিকশার পাঁচ যাত্রী ও চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিন বন্ধু চাঁদপুরের ও একজন বিক্রমপুরের বাসিন্দা।
অপর একজন সাধারণ যাত্রী ছিলেন। লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে। নিহত সামাদ গাজীর বন্ধু রাব্বি বলেন, গত বৃহস্পতিবার বন্ধুরা ঘুরতে যাবে বলে আমাকে জানিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যাবো কি না। প্রথমে আমি যাবো বলেছিলাম কিন্তু সর্বশেষ গত বৃহস্পতিবার আমার শারীরিক অবস্থা ভালো না থাকায় যেতে পারিনি। এর মধ্যে তাদের সঙ্গে কয়েক বার আমার ইমোতে কথা হয়েছে। সর্বশেষ রাতে এ দুর্ঘটনার খবর পাই।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনই খোঁজখবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি। তবে হাসারা হাইওয়ে থানার ইনচার্জ আবজাল হোসেন বলেন, ঘটনাস্থলটি ঢাকার কেরানীগঞ্জের মধ্যে পড়েছে। ভেকুর সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ ঘটনা ঘটে।
