আলো ডেস্ক: তিন দিনের অভিযানে অনিবন্ধিত ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে সরকার।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন এ তথ্য জানান।
বেলাল হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে যেসব হাসপাতালের নিবন্ধন নেই তাদের আমরা ৩ দিন সময় দিয়েছিলাম। এর মধ্যে এখন পর্যন্ত ৮৮২টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি আমরা। এখনও কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে সংখ্যা আরও বাড়তে পারে। তবে অভিযান আরও কিছুদিন অব্যাহত থাকবে। যাতে করে অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার গড়ে না ওঠে, সে জন্য অভিযান চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
বন্ধ করে দেয়া হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রের মধ্যে ১৬৭টি ঢাকার। চট্টগ্রামের ২২৯টি, খুলনার ২০৪টি, রাজশাহীর ৭৮টি, ময়মনসিংহের ৯৬টি, বরিশালের ৫৯টি, সিলেটের ৩৫টি এবং রংপুরের ১৪টি।
তিনি বলেন, ভোক্তা অধিদপ্তরের সঙ্গে আমাদের এ বিষয়ে কোনো কথা হয়নি। তারা তাদের মতো করে অভিযান চালিয়েছে। ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম কাজ করেছে।
এসময় বেলাল হোসেন জানান, বন্ধ হওয়া ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার যদি নিবন্ধন নিয়ে নেয়, তবে তারা আবার কার্যক্রম শুরু করতে পারবে।
এর আগে গত ২৬ মে সারাদেশের অনিবন্ধিত বেসরকারি সব স্বাস্থ্যকেন্দ্র ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
