আলো ডেস্ক: মাদারীপুরের চৌরাস্তা এলাকায় পরকীয়ার জেরে স্ত্রীকে (৩০) কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে আজমীর ঘরামী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আহত ওই নারীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মাদারীপুর পৌরসভার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিজা আক্তার মাদারীপুর পৌরসভার সৈদারবালী এলাকার আবদুল হক মাতুব্বরের মেয়ে।
অভিযুক্ত আজমীর ঘরামী পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার মান্নান ঘরামীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। আহত নারী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত বছর আগে পারিবারিকভাবে লিজা ও আজমীর ঘরামীর বিয়ে হয়। তাদের সংসারে ৫ ও ৪ বছরের দুটি শিশুসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তুচ্ছ বিষয় নিয়ে মাঝেমধ্যেই লিজাকে মারধর করতেন আজমীর।
পরবর্তী সময়ে লিজা আক্তার খোঁজ নিয়ে জানতে পারেন, ঘোষের হাট এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আজমীরের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়। গতকাল বুধবার সকালে আজমীর লিজাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করেন। পরে স্থানীয়রা আহত লিজা আক্তারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত লিজা আক্তার বলেন, আজমীরের সঙ্গে এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ ছাড়া সে মাদকাসক্ত। বিভিন্ন সময়ে লোকজন নিয়ে এসে বাসায় মাদকের আসর বসায়। এতে বাধা দিলে একাধিকবার শারীরিক নির্যাতন করেছে। কিন্তু আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাকে কিছুই বলতে পারিনি। সকালে আমাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন।
আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্ত আজমীর ঘরামীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
