আলো ডেস্ক: পাবনার সাঁথিয়ায় ট্রাকের কেবিনের ভেতর থেকে আল আমিন হোসেন (২০) নামে এক যুবকের মুখ ও পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মহিষাখোলা ভাঙ্গা ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আল আমিন সিরাজগঞ্জ সদর উপজেলার সুরুজ আলীর ছেলে।
এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে সাঁথিয়া উপজেলার মহিষাখোলা ভাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে একটি ট্রাক সোমবার থেকে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন ট্রাকটি নষ্ট হয়ে গেছে। পরে গত মঙ্গলবারও ট্রাকটি সেখানে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের।
তারা ট্রাকে উঁকি দিয়ে চালকের আসনের পেছনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ওই যুবকের পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা ছিল। ওসি জানান, মৃত যুবক আল আমিন ট্রাকের হেলপার হতে পারেন।
ধারণা করা হচ্ছে, তাকে ট্রাকের মধ্যেই শ্বাসরোধে হত্যা করে এখানে ট্রাকসহ ফেলে গেছে দুর্বৃত্তরা। তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
