আলো ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার ভেতরে একটি নতুন ইউনিটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর বেলা সাড়ে ১২টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফয়ার সার্ভিসের সদর দপ্তর কালিয়াকৈর, সাভারের ডিইপিজেড, ও টাঙ্গাইলের সখিপুর, মির্জাপুরসহ আশে-পাশের ফায়ারস্টেশন থেকে ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের বড় মই ব্যবহার করে আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র নির্বাহী মানব সম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান,এ ইউনিটের টেকনিক্যাল ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এখানে স্যালাইন তৈরি হয়। এখানে তেমন জনবলের প্রয়োজন হয় না। মেইন্টেইনেন্সের জন্য কয়েকজন লোক প্রয়োজন হলেও অগ্নিকাণ্ডের সময় তারা সেখান থেকে বের হয়ে এসেছেন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও খুব বেশি ধোঁয়া বের হচ্ছে।
