আলো ডেস্ক: ২৪ ঘন্টার ব্যবধানে আরও সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জে। মালিক না পাওয়ায় জব্দকৃত তেল বিক্রি করে দেন বিজ্ঞ আদালত।
আজমিরীগঞ্জ বাজারে শ্রীমঙ্গলের এক ব্যবসায়ী কর্তৃক তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০০০০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জব্দকৃত ৬৬৫টি ৫ লিটার ওজনের সয়াবিন তেলের বোতল এবং ১২৪৮টি ১ লিটার ওজনের সয়াবিন তেলের প্যাকেট নিলামে বিক্রয়ের মাধ্যমে ৪ লক্ষ ৭৩ হাজার ৪০০ টাকা আদায় করা হয়। নিলাম ক্রয়কৃত ব্যক্তিকে উল্লেখিত তেল প্রকাশ্যে গায়ের দামে বিক্রয় করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়। আদায়কৃত অর্থ পরবর্তী কার্যদিবসে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আজমিরীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করে।
