আলো ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটার সময় শ্রমিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিক শাহজাহান ভুট্টুকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখ শিমুল জোতনশর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার জোতনশর গ্রামের হাসান আলী তার বন্ধু মৃত আবদুল কাদেরের কাছ থেকে ২৫ শতাংশ জমি ক্রয় করেন।
কিন্তু দলিল মূলে জমি ক্রয় না করায় জমির মালিক থেকে যান আবদুল কাদেরের ভাই ইঞ্জিনিয়ার সোহরাব। জমি ক্রয়ের পর হাসান আলী মারা গেলে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন তার স্ত্রী মাজেদা খাতুন। ওই জমিতে রোপণ করা ধান কাটার জন্য আটজন শ্রমিক নিয়ে ক্ষেতে যান মাজেদা বেগম। ধান কাটার খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ক্ষেতে গিয়ে তার ব্যবহৃত একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করেন। এতে ধান কাটতে থাকা ভুট্টু নামে এক শ্রমিকের হাতে ও কানের কাছে গুলি লাগে।
পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সোহরাব জোতনশর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে। জমির মালিক দাবি করা মাজেদা খাতুন বলেন, সোহরাবের ভাইয়ের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলাম। তবে জমি ক্রয় করলেও দলিল হয়নি, কারণ যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে তিনি মারা গেছেন।
এরপর তার ভাই জমি দলিল করে দিচ্ছেন না। এদিকে জমিতে রোপণকৃত ধান কাটতে আটজন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম। তারা ধান কাটতে গেলে সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করেন। তিনবার গুলির শব্দ পাই। ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, জোতনশর এলাকায় জমি দাবি করা মাজেদা শ্রমিক নিয়ে ধান কাটছিলেন।
খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ঘটনাস্থলে গিয়ে ধান কাটতে নিষেধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত বন্দুক দিয়ে গুলি চালান। এতে একজন শ্রমিক আহত হন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
