আলো ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি হলো উত্তর যাত্রাবাড়ীর অদিতি ট্রেডার্স, মেসার্স সিফাত ট্রেডিং ও মেসার্স মিন্টু স্টোর। অভিযানে অবৈধভাবে মজুদ থাকা মোট ৭৫ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়।
গোডাউনে কী পরিমাণ তেল কত সময় মজুদ রাখা যাবে, তা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্যায়ন করবে। গতকাল সোমবার র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে র্যাব-৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের যৌথ দল।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল। র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, অভিযানে দেখা যায়, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল।
তাছাড়া ম্যাজিস্ট্রেটের কাছে পূর্বে ক্রয়কৃত তেলের মূল্যের রশিদও দেখাতে পারেননি তারা। মূলত অধিক মুনাফা অর্জনের লক্ষ্যেই অবৈধভাবে মজুদ করে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করে আসছিল তিন প্রতিষ্ঠান।
ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে ও অভিযান পরিচালনাকালে এর প্রমাণ মেলে। এজন্য ৫০ হাজার টাকা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় মোট দেড় লাখ টাকা। অভিযান শেষে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে বলে জানান র্যাব-৩ এর সহকারী পরিচালক।
