আলো ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে মেহেরুল মেরু (৩৮) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত মেহেরুল নন্দীগ্রাম উপজেলার দামরুল গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি গত ৮ মাস আগে শাকপালা ক্যান্টনমেন্ট পাড়ার জামান মাস্টারের বাড়িতে থেকে ঐ এলাকাতেই অটোরিকশার মিস্ত্রি’র কাজ করতেন। জানা গেছে, কয়েকদিন আগে শাকপালা এলাকায় একটি ট্রাক থেকে ব্যাটারি চুরি হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ধরে নিয়ে মারধর করে। এ সময় তার মৃত্যু হলে তারা নিহতের গলায় ফাঁস লাগিয়ে গলির ভেতর ফেলে রেখে পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা জানতে পেরেছি চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করতে তার গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেওয়া হয়। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। নিহত মেহেরুল মাদকসেবী ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
