আলো ডেস্ক: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মিয়া (২৫) মেহেরপুর জেলার নীরব উদ্দিনের ছেলে এবং শাহাদাৎ হোসেন (২৮) একই এলাকার আরিফ হোসেনের ছেলে।
জানা গেছে, বন্ধু শাহাদাৎ হোসেনকে সঙ্গে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটা ভ্রমণ শেষে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মেহেরপুরে ফিরছিলেন আশিক। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান আশিক। গুরুতর আহত অবস্থায় শাহাদাৎকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
