আলো ডেস্ক: ঈদুল ফিতরের টানা ছুটিতে লাখো পর্যটক হবে বলে ধারণা করে প্রস্তুত কক্সবাজার। গত শুক্রবার থেকে টানা ছয়দিন সরকারি ছুটি শুরু হয়েছে। এরমধ্যে চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার মে দিবসের বন্ধ। সবমিলে বুধবার পর্যন্ত সরকারি ছুটি। এরপর বৃহস্পতিবার একদিন খোলার পর আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ছুটির সঙ্গে সপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ।
বৃহস্পতিবার বিকেল সপ্তাহিক ছুটিতে বাড়িতে যাওয়া চাকরিজীবীরা ফিরবেন ৮ মে। এসময়ে অনেকে পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে পরিবার-পরিজন নিয়ে আসতে পারেন বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। তবে, অন্য সময়ের মতো আগাম বুকিংয়ের তোড়জোড় নেই বলে জানিয়েছেন তারকা হোটেল ওশান প্যারাডাইসের বিপণন নির্বাহী ইমতিয়াজ সুমেল। তিনি বলেন, টানা ৯ দিনের ছুটি থাকলেও ৪-৬ মে বুকিং হয়েছে।
হোটেল-মোটেল জোনের প্রায় তারকা হোটেলের একই অবস্থা। অথচ অন্য সময়ে টানা তিন থেকে পাঁচদিন বন্ধ থাকলেও বুকিংয়ের ফোন রিসিভ করতে করতে হাপিয়ে উঠতে হতো। এখন সেই ব্যস্ততা নেই। একই কথা বললেন সি-নাইট হোটেলের ব্যবস্থাপক শফিক ফরাজীও। তিনি বলেন, মৌসুমে এমন বন্ধ পড়লে গ্রুপ এবং ইন্ডিভিজ্যুয়েল বুকিং হতো গেস্ট হাউজগুলোতে। অতিরিক্ত গরমের কারণে এ ছুটিতে সেই চাপ নেই বললে চলে। যা কল আসছে তা স্বাভাবিক।
এরপরও ধারণা করা যায়, ৪-৭ মে পর্যন্ত লাখো পর্যটক কক্সবাজার অবস্থান করবে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, পর্যটকের নিরাপত্তা ও সেবায় সৈকত এবং পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক টহল রয়েছে। ঈদের ছুটিতে ব্যাপক পর্যটক সমাগম ঘটবে বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছ। সৈকতে পর্যটকদের জন্য খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, ঈদে টানা ছুটি পড়েছে, কিন্তু গরমও পড়ছে বেশি। এরপরও পর্যটক সমাগম আগের মতো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে পর্যটক সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করেছি, যেন পর্যটকেরা ভালো সেবা পায়। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা আদায় ও অন্যান্য ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকত এবং আশপাশের বিনোদন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
