আলো ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে ঘরমুখো মানুষের ঢল নেমেছে ফেরিঘাট জুড়ে।
শিমুলিয়া ঘাটের পোস্ট অফিসার শাহাদাৎ হোসেন জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল। তাই ঝুঁকি এড়াতে সন্ধ্যা ৭টার দিকে এই নৌ পথের লঞ্চ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে শিমুলিয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আহমেদ বাংলাদেশ জার্নালকে জানান বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী ও গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। তবে ঝুঁকি এড়াতে রাতে আমরা ছয়টি ফেরি দিয়ে পারাপার অব্যাহত রেখেছি। গাড়ি থেকে যাত্রী পারাপারে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি।
