আলো ডেস্ক: চট্টগ্রামে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির সময় পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন হাজী ভঙ্গি শাহ মাজারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- কিশোরগঞ্জের নিকলীর গুড়ই গ্রামের মাছুমের ছেলে সুমন (২৪), কুমিল্লার দেবিদ্বারের মৃত বাবুলের ছেলে রাসেল (২৬), মুরাদনগরের আবদুল মোতালেবের ছেলে শরিফ হোসেন সুমন (২৫), চট্টগ্রামের বোয়ালখালীর মৃত বিমল দত্তের ছেলে তপন দত্ত (৩৭) ও কক্সবাজারের কুতুবদিয়ার আতাউর রহমানের ছেলে রেজাউর রহমান (৩০)। আটকরা ‘লাল সুমন গ্রুপ’ নামের একটি ছিনতাইচক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ঈদকে সামনে রেখে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধজগতে তারা লাল সুমন গ্রæপের সদস্য হিসেবে পরিচিত।
