আলো ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় এক কিশোরের বিরুদ্ধে (১৬) ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকালে পশ্চিম কুয়াকাটা এলাকায় এই ঘটনা ঘটে। রাতে ওই শিশুর মা মহিপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।
অভিযুক্ত কিশোরের বাড়ি কুয়াকাটা পৌর শহর এলাকায়। ভুক্তভোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার বাদী জানান, গত বৃহস্পতিবার বিকালে পশ্চিম কুয়াকাটা এলাকায় বড় ভাইয়ের (৯) সঙ্গে বাড়ির পাশের একটি মাছের ঘেরের পাড়ে জিলাপি ফল খেতে যায় ওই শিশু। এ সময় অভিযুক্ত কিশোর শিশুটির ভাইকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। পরে পাশের ঝোপের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই শিশুর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাকে (শিশুকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে, আগের চেয়ে একটু সুস্থ। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
