আলো ডেস্ক: বিগত যে কোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক-মহাসড়ক অনেক ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এক কথা জানান। এসময় তিনি ঈদে ঘরমুখো মানুষ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহবান জানান।
এছাড়া পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে কঠোর নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রতিদিন খোঁজ নিচ্ছেন। বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দেখতে দেখতে ১৩ বছর কেটে গেলো, বিএনপির আন্দোলন হবে কোন বছর? ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে।
তাদের কথার কোন হদিস নাই। দিশেহারা পথিক পথ হারালে যা হয়, বিএনপির অবস্থা তাই। বিএনপি কখন যে বলবে সেটা বলা মুশকিল। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির জাতীয় ঐক্যের চেহারা আমরা গত নির্বাচনে দেখেছি। তারা ঐক্য করলো, সংলাপে আসলো, নির্বাচন করবে। তারপর নির্বাচনের সময় তাদের ঐক্যের লেজে গোবরে অবস্থা।
লেজে গোবরে যে ঐক্যের অবস্থা, সেই ঐক্য জাতীয় ঐক্য দাবি করে কিভাবে। বিএনপির নেতা কে? কে আন্দোলন করে, আমি জিজ্ঞেস করি বিএনপির প্রধানমন্ত্রী হবে কে? বিএনপির ঈদের পর আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সেতুমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে গত ১৩ বছর ধরে বিএনপি প্রতিটি ঈদের পরে ঘোষণা দিয়েছে- ঈদের পর আন্দোলন। দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর।
