আলো ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে পর্নোভিডিও বিক্রির অপরাধে ১০ দোকানিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।এরআগে গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের কাছে পর্নোভিডিও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন সংলগ্ন মার্কেটে অভিযান চালায় র্যাব-৫।
এ সময় কম্পিউটারে পর্নোভিডিও রাখা এবং বিক্রির অপরাধে ১০ দোকানিকে গ্রেপ্তার করে র্যাব। একইসঙ্গে কম্পিউটার জব্দ করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন,পর্নোভিডিও বিক্রির অপরাধে ১০ দোকানিকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করে র্যাব। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
