সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম ল²ীরামপুর গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী আমিনুর ইসলামের ছেলে অভিযুক্ত জুয়েল হোসেনকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুটির নাম শাকিলা আক্তার (৮)। সে ওই গ্রামের ছাকের আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ বলেন,‘গ্রামে আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদ বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘এ অবস্থায় ইফতারের কিছু পূর্বে শিশুটির বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মরদেহ পাওয়া যায়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে ন্যাকড়া ঢোকানো ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, থানায় মামলা দায়ের করা হলে ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত প্রতিবেশী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছে।
