আলো ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ছয় লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার ভোরে উখিয়া সীমান্তের গর্জনবুনিয়ার করবুনিয়া সীমান্তে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া এলাকার মৃত কবির হোসেনের ছেলে মো. মাহাবুব, করাইবুনিয়া এলাকার ইকবাল হোসেনের স্ত্রী সুফিয়া সুলতানা সুমি, আলী আহাম্মদের স্ত্রী ফাতেমা বেগম, চাকবৈঠা দীঘিনালা এলাকার মো. কালুর ছেলে মো. রফিক উল্লাহ ও নাইক্ষ্যংছড়ি বড়ইতলী এলাকার রশিদ আহাম্মদের ছেলে মো. রফিক।
গতকাল শনিবার দুপুরে বিজিবি রামু সেক্টরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বিজিবি কক্সবাজার রিজিয়নের অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানিয়েছেন, ২২ এপ্রিল ভোরে উখিয়ার গর্জনবুনিয়া করবুনিয়া এলাকার ইয়াবা গডফাদার মো. ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে রেজুপাড়া থেকে উদ্ধার করা হয় আরও ৪০ হাজার পিস ইয়াবা। এ সময় এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে বিজিবি।
গ্রেপ্তার ইয়াবা কারবারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেজুপাড়া ও গর্জনবুনিয়া সীমান্তের গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় লাখ ইয়াবা উদ্ধার করে বিজিবি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
