আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের হেফাজতে নজির আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যান।
এরপর সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ১৩ জনকে আসামি করে সরাইল থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। রাতে নজির আহমেদের ভাই মো. জাফর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শুক্রবারে সকালে পুলিশ জানায়, প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নজিরকে পেটানো হয়। রাতে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় আনার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃস্পতিবার রাতে অবশ্য সরাইল থানার ওসি আসলাম হোসেন জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মরদেহের সুরুতহাল রিপোর্ট করা হয়েছে।
এ ঘটনায় নজিরের প্রতিবেশী জুম্মান মিয়ার বাবা হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
