আলো ডেস্ক: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাস্তির মুখে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এবার আগাম অবসরের আবেদন করেছেন। গতকাল শুক্রবার বাংলা বিভাগসূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে অধ্যাপক বিশ্বজিৎ সাংবাদিকদের বলেন, আমি বিশ্ববিদ্যালয় থেকে অবসরের আবেদন করেছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। এর আগে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিভাগের অ্যাকাডেমিক কমিটি।
২৯ মার্চ বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ হয়। বাংলা বিভাগ সংশ্লিষ্টরা জানায়, মার্চ মাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। বিষয়টি বিভাগের চেয়ারম্যান বিভাগের অ্যাকাডেমিক কমিটিতে উপস্থাপন করেন। বিষয়টি নিয়ে আলোচনা হলে অধ্যাপক বিশ্বজিৎ ভুল স্বীকার করেন।
এ পরিপ্রেক্ষিতে বিভাগ শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। সেগুলো হল- সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে অব্যাহতি, বরাদ্দকৃত বিভাগীয় কক্ষ বাতিল করা। সেই সময় অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেছিলেন, এটি বানোয়াট অভিযোগ। আমি ভুল স্বীকার করিনি।
