আলো ডেস্ক: ঢাকার সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে পা বাঁধা এক যুবকের মরেদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যার পর পালিয়ে গেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আলম (৩৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শৈলা গ্রামের আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে। পুলিশ জানায়, স্থানীয়রা খেলার মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মরদেহের পাশে ক্রিকেট খেলার স্ট্যাম্প পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্যাম্প দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল কুদ্দুস বলেন, খবর পেয়ে বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরেদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তুলে এনে তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
