আলো ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দাম অবশ্যই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে বলে চালের দাম বেড়েছে।
বিরোধী দলসহ সবাই তখন খাদ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পিআইসির বাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়মের কথা প্রধানমন্ত্রীর কাছে বলবো। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলবো।
এ সময় মন্ত্রী বলেন, হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যেসব কৃষকের বোরো ধান তলিয়ে গেছে তাদেরকে খাদ্য সহায়তা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ।
