আলো ডেস্ক: গাজীপুর সদর উপজেলায় ট্রাকের ভয়ে খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরিফুর রহমান (২০) নামের মানসিক প্রতিবন্ধী এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত আরিফ শেরপুরের ঝিনাইগাতী থানার আলেব উদ্দিনের ছেলে। তারা পরিবারসহ পাইনশাইল এলাকায় বসবাস করতেন। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন বলেন, সকালে পাইনশাইল এলাকায় হাঁটু পানি থাকা একটি খাল হেঁটে পার হচ্ছিল আরিফুর রহমান। এ সময় একটি ট্রাকও বিপরীত দিক থেকে পার হচ্ছিল।
ভয় পেয়ে আরিফুর গভীর পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়া সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে আরিফুরে লাশ উদ্ধার করেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
