আলো ডেস্ক: মাগুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় কুনতাল বকসী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে মাগুরা সদর ইছাখাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুনতাল শালিখা উপজেলার আড়পাড়া দূর্গাপুর গ্রামের বিষ্ণপদ বকসীর ছেলে। সে ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানিতে মাগুরায় সেলস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল। নিহতের ভাগনে অরুপ সর্মা জানান, কুনতাল বকসী তার বোন তনুশ্রীকে নিয়ে মোটরসাইকেল ঝিনাইদহের গাড়াগঞ্জে গিয়েছিল। বোনকে পৌঁছে দিয়ে সে মাগুরায় ফিরছিল। এ সময় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পিকআপটি আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
