আলো ডেস্ক: ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের আট আট ঘণ্টা পর বাড়ির পাশের ডোবায় গৃহবধূ ফারজানা আক্তারের (২১) মরদেহ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের মানিক হাওলাদার বাড়ির ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার লতাবুনিয়া গ্রামের দিনমজুর রাসেল জমাদ্দারের স্ত্রী। স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা কামাল জানান, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা শহরে বাসা ভাড়া করে থাকতেন রাসেল জমাদ্দার ও ফারজানা আক্তার। ফারজানা আক্তার মানসিক রোগী ছিলেন। তাকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে আনা হয়। গত শনিবার রাত থেকে ফারজানাকে পাওয়া যাচ্ছিলো না। পরে গতকাল রোববার সকালে ঘরের পাশে ডোবায় ফারজানাকে ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ঝালকাঠির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
