আলো রাজনীতি ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ তার রাজনৈতিক সচিব হিসেবে সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্কে নিয়োগ দিয়েছেন। এর আগে ২০১৪ সালে গোলাম মসীহ্ বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছন। গতকাল সোমবার বিরোধীদলীয় নেতার জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান এ তথ্য জানান।
গোলাম মসীহ্ ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ এর জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গোলাম মসীহ্ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিধায়ক মরহুম আবদুল আউয়ালের তৃতীয় সন্তান।
তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে (৪র্থ ব্যাচ) স্নাতক ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনে গোলাম মসীহ্ ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম ও জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। তিনি ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
