আলো সা রা দে শ ডেস্ক: টানা চার দিন করোনায় মৃত্যুহীন দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৮টা থেকে ৪ এপ্রিল সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
তিনি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এর আগে গত চার দিন করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল অধিদপ্তর। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন। শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৮৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১ জন।
গত রোববার ৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। যা গত রোববার ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪২ জন। তাদের নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হলেন ১৮ লাখ ৮৪ হাজার ৩৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৭৭৮টি। নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৭৮৭টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৬৬১টি।
সরকারি ব্যবস্থাপনায় ৯১ লাখ ৮৭ হাজার ২৭টি, বেসরকারিতে ৪৬ লাখ ৬৫ হাজার ৬৩৪টি। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
