আলো সা রা দে শ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদের পাশের কক্ষ থেকে এক ইমামের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ইমামের নাম মো. ফেরদৌস ইসলাম (৩০)।
তিনি বরিশালের মুলাদি থানার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে স্থানীয়রা মসজিদের ইমামের থাকার কক্ষের জানালার ফাঁক দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে।
এরপর খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।
তবে লাশের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানতে পারবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
