রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকাল ৯টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে নওগাঁ ও রাজশাহী জেলায় দু’জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এছাড়া মারা যাওয়া অন্য দু’জন ছিলেন করোনা নেগেটিভ। এদের একজন সিরাজগঞ্জ এবং একজন কুষ্টিয়ার বাসিন্দা।
মঙ্গলবার (২৯ মার্চ) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় দুইজন মারা গেছেন।
গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ৩ জন। এছাড়া একজন মারা গেছেন ৩০ নং ওয়ার্ডে। এদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। যাদের দু’জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এছাড়া একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। এছাড়া এ সময় নতুন কোনো রোগীও ভর্তি হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩। বর্তমানে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭ জন। আরও ২ জন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ হয়ে।
এখনো হাসপাতালে ভর্তি রাজশাহী জেলার ৩ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি রয়েছেন।
