আলো সা রা দে শ ডেস্ক: বাস ও মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার বাসচালকের মুক্তির দাবিতে আগামীকাল রোববার থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন এই ঘোষণা দেন।
তিনি বলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের অনুরোধে ২৯ মার্চ পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। ওইদিন আদালতে চালক আবদুর রহিমের জামিনের শুনানির দিন নির্ধারিত রয়েছে।
আদালতে জামিন আবেদন না-মঞ্জুর হলে ২৯ মার্চ থেকে পরিবহন ধর্মঘট চলবে। এর আগে হানিফের বাসচালক আবদুর রহিমের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে রাজশাহী ও রংপুর বিভাগে ২৭ মার্চ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালিতে হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস ও রংপুরের পীরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রেবাসে আগুন ধরে গেলে চালকসহ ১৮ যাত্রীর ১৭ জনই মারা যায়। এরপর থেকে গ্রেপ্তার হানিফের বাসচালক আবদুর রহিম কারাগারে রয়েছেন।
