রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। গতকাল রাতে উপজেলার মাতাজীহাট-বদলগাছী সড়কের পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার বদলগাছী উপজেলা সদর ইউনিয়নের সোহাসা গ্রামের জিতু পাহানের ছেলে শ্রী সিরিজ পাহান (৩৫) ও একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুর রশিদ (৩৭)।
থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাস পত্নীতলা থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী এলাকায় পৌঁছালে বদলগাছী থেকে যাওয়া একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়।
সঙ্গে সঙ্গে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় বাসটি রাস্তার পাশে আমগাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুইযাত্রী নিহত হন। বাসের চালকসহ অন্তত ১০-১৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক শিশুসহ আরো দুইজন মারা যান। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, রাতেই ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আহতের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।
