আলো সা রা দে শ ডেস্ক: ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই হাবিবুর রহমান।
এর আগে সন্ধ্যায় সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মীম গোলাপগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো।
সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল। পুলিশ জানায়, সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশায় করে চারাবাগ থেকে সে কলমা এলাকায় যাচ্ছিলো। পথে আউকপাড়া আসার পরে রিকশার চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গেলে সে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
রিকশাচালক তাকে উদ্ধার করে সাভার ল্যাবজোন ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার এসআই হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
