রা জ শা হী র আ লোঃ – নওগাঁর নিয়ামতপুরে শ্রাবণী আক্তার চাঁদনী (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাঁচপাড়ার হিন্দু পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
শ্রাবণী আক্তার চাঁদনী ওই গ্রামের হাবিবুর রহমান শেখের মেয়ে। সে নিয়ামতপুরের ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। শ্রাবণী আক্তারের মা খাদিজা আক্তার বলেন, বেলা ১২টার দিকে পুকুরে গোসল করে পাশে দাদার বাড়ি যাবে বললে নিষেধ করি।
তারপরও শ্রাবণী চলে যায়। কিছুক্ষণ পর খবর আসে সে গলায় ফাঁস দিয়েছে। দৌঁড়ে গিয়ে দেখি আমার শশুরের গোয়ালঘরের বাঁশের সঙ্গে দড়ি পেঁচিয়ে শ্রাবণী ঝুলে আছে। তিনি আরও বলেন, আমার মেয়ের সঙ্গে কোন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় না। যখন যা চায় তখন সেটাই দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে শ্রাবণী এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না।
নিয়ামতপুর থানা ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে তার মৃত্যুর কারণ। এ ঘটনায় একটি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
