আলো সা রা দে শ ডেস্ক: ময়মনসিংহের সদরে পুত্রবধূর সঙ্গে ঝগড়ার সময় ছেলের কিলঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে হাফিজা খাতুনের সঙ্গে ও তার পুত্রবধূ হাজেরা খাতুনের (৪০) ঝগড়া হয়। বিষয়টি ছেলে আবদুল মান্নান (৫৫) জানতে পেরে ক্ষিপ্ত হয়ে মাকে কিলঘুষি মারেন।
এতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে আবদুল মান্নান ও তার স্ত্রী হাজেরা খাতুন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
