আলো সা রা দে শ ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয়দিন পর মাদরাসাছাত্র রাকিব হাসানের (১৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াটখালী এলাকায় নিমার্ণাধীন রেললাইনের পাশের একটি ঘাসক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকরবাড়ি গ্রামের মোশারফ হাসেনের ছেলে।
গত মঙ্গলবার স্থানীয় লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদরাসা থেকে নিখোঁজ হয় হাফেজ বিভাগের এ ছাত্র। রাকিবের মামি মদিনা বেগম বলেন, রাকিব ও তার ছোট ভাই তাদের বাড়ি সংলগ্ন মাদরাসায় পড়াশোনা করতো।
গত ১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদরাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদরাসায় গিয়ে জানতে পারেন তার ভাই মাদরাসায় নেই। খবর পেয়ে অভিভাবকরা মাদরাসায় এসে রাকিবের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এসময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদরাসার প্রিন্সিপাল মাদরাসার সম্মানহানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন।
পরে পরিবার থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে রাতেই নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল রোববার সকালে কেয়াটখালী এলাকায় অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন।
পরে শ্রীনগর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আপন মজুমদার বলেন, মাদরাসায় পরিহিত পাঞ্জাবি (মাদরাসার ইউনিফর্ম) দেখে রাকিবের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
