আলো সা রা দে শ ডেস্ক: ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে সর্বাত্মক সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক মো. ফয়েজ উল্লাহ।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, আরেক অংশের ভারপ্রাপ্ত সভাপতি ডা. জয়দীপ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ফয়েজ উল্লাহ বলেন, গত ১১ মার্চ পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি প্রতিরোধ ও মানুষকে বাঁচানোর দাবিতে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। আমরা প্রগতিশীল ছাত্র জোট তাদের এই হরতালে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি এবং হরতাল সফল করতে আমাদের বক্তব্য ও কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল-ডাল, তেল-গ্যাসসহ অন্যান্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে আজ দেশের খেটে খাওয়া মানুষের নাজেহাল অবস্থা।
মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, শ্রমজীবী পরিবারের জীবনধারণ করাই হয়ে উঠেছে দুরূহ। বর্তমান সরকার তার পুরো শাসনামল জুড়েই নানা অজুহাতে এই মূল্যবৃদ্ধির আয়োজন জায়েজ করার চেষ্টা করেছে। কখনো তারা বিশ্ববাজারের অজুহাত দেয়, কখনো বিরোধীদলের। কখনো আবার স্বীকার করে নেয় দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে তাদের কিছু করার নেই। এখন তারা দায় চাপাতে চাইছে রুশ-ইউক্রেন যুদ্ধের ওপর। কিন্তু সত্যি কথা হলো, যুদ্ধ শুরুর বহু আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে মানুষ পিষ্ট হয়ে জীবনযাপন করছে।
এতে বলা হয়, করোনার সময় বহু মানুষ কাজ হারিয়ে সঞ্চয় খুইয়ে নিঃস্ব হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলন্ড) বৈশ্বিক মজুরি প্রতিবেদন ২০২০-২০২১ এ বলা হয়েছে, বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে নূন্যতম মজুরি আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে। মানুষের আয় কমার সঙ্গেই যেন পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমদানিকারক, মিলার, চাতাল মালিক, আড়তদার, মজুতদার, ফড়িয়া মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের কারণে প্রায় প্রতিটি খাদ্যপণ্যের দাম আজ আকাশচুম্বী। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে গত ১০ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ৯০ শতাংশ, গ্যাসের দাম বেড়েছে ১৪৪ শতাংশ, ডিজেলের দাম বেড়েছে ৮২ শতাংশ, আর পানির দাম বেড়েছে ২৬৪ শতাংশ।
এর মধ্যে আবার চরম স্বেচ্ছাচারী পন্থায় পানির দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ৬০ শতাংশ, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ১১৭ শতাংশ। আর তেলের দামবৃদ্ধির কোনো সীমারেখা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষার্থীদের জীবনে পড়া প্রভাব নিয়ে তিনি বলেন, এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি শিক্ষার্থীদের জীবনকেও দুর্বিসহ করে তুলেছে।
একদিকে কমছে অভিভাবকদের আয়, অন্যদিকে বাড়ছে ডাইনিং-ক্যান্টিন-হোটেলের খাবারের দাম। ফলে বহু শিক্ষার্থী এটিকে সমন্বয় করছে খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়ে। একজন শিক্ষার্থীর যখন নিয়মিত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার প্রয়োজন, সেই সময়ে একরকম নীরব দুর্ভিক্ষে নিপতিত হয়েছে তারা। সাধারণ শিক্ষার্থীদের হরতালে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমতাবস্থায় ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে সারাদেশের সব শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি, বাম গণতান্ত্রিক জোটের এই হরতালে সমর্থনে সরব হোন এবং হরতাল সফল করতে ভূমিকা গ্রহণ করুন।
হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি ২১ মার্চ দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালযয়ে, ২২ মার্চ বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ২৪ মার্চ বেলা ১১টায় বুয়েটের পলাশীতে হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করবেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এ ছাড়া ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল করবে তারা।
