আলো জা তী য় ডেস্ক: অবিলম্বে বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ‘ন্যায্য পাওনা’ ও ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন রেডিও টুডে’র কর্মীরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী রেডিও টুডের কর্মীরা বলেন, দেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯ দশমিক ৬ এ বিগত কয়েক বছর ধরে বেতন ভাতা, পদোন্নতি এবং অন্যান্য সুযোগ সুবিধা ভীষণভাবে অনিয়মিত।
বর্তমানে বেশিরভাগ কর্মীর ৫-৬ মাসের বেতন ভাতা বকেয়া পড়েছে। ফলে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তারা আরও বলেন, বেতন ভাতা ও অন্যান্য ন্যায্য পাওনার জন্য শত অনুনয় বিনয় ও আবেদন নিবেদন করলেও মালিকপক্ষ তাতে কর্ণপাত তো করছেই না বরং নানান টালবাহানা ও ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।
একই সঙ্গে কর্মীদের চাকরি থেকে নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই, চাকরি ছেড়ে দেওয়ার চাপসহ নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় রেডিও টুডে’র কর্মীরা বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ প্রদান এবং ভুক্তভোগী কর্মী ও তাদের পরিবারের কাছে কর্তৃপক্ষের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন।
