রা জ শা হী র আ লোঃ – সাজ্জাদুল তুহিন, নওগাঁ
আসন্ন রমজান উপলক্ষে নওগাঁর মান্দায় ২১ হাজার ৮শত ৮ পরিবার পাচ্ছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে চার প্রকার খাদ্যপণ্য পাবে এসব পরিবার। আগামীকাল রবিবার থেকে এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে।
প্রথম দফায় এসব পণ্যের মধ্যে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি এবং দ্বিতীয় দফায় এর সাথে যুক্ত হবে ২ কেজি ছোলা।
টিসিবির প্রতি লিটার তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজি দরে সরবরাহ করবে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন বিত্ত মানুষকে অর্থনৈতিক সাশ্রয় দিতে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে সারাদেশের মত মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন এই খাদ্যপণ্য বিক্রি শুরু হবে।
টিসিবির চারজন ডিলারের মাধ্যমে ১৪টি ইউনিয়নে এসব পণ্য সরবরাহ করা হবে। যাতে কোনও রকম অসুবিধা ছাড়াই সুবিধাভোগীদের কাছে ভর্তুকির এসব পণ্য পৌঁছায়। এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কবে কোথায় কখন টিসিবির পণ্য সরবরাহ করা হবে তা ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানদের জানিয়ে প্রচারণা শুরু করা হয়েছে।
আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিক এসব তথ্য জানান।
এ সময় উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার জাহান, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাট ও বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ হ্যাপি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল তুহিন, দপ্তর সম্পাদক রওশন আলম, সদস্য আমজাদ হোসেন, সজীবুর রহমান, মিজানুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
